বাকি আছে অনেক কিছুই
শিশিরে স্নান,
বিজয়ায় আগমনী গান-
দ্বিতীয় শৈশবের বিকেল-
জীবণের হঠাৎ কোনও বাঁকে
ভানুমতির খেল্-
সব কিছুর মাঝে থাক না অবকাশ
থাক না তোমার আমার মাঝে এক টুকরো আকাশ।।
পাওয়া না পাওয়ার মাঝে
জীবণ বেঁচে থাকে-
আশা তাকে বাঁচিয়ে রাখে,
আগ্লে রাখে চোরা খাঁজে
প্রাণের পরশ পাথর
চরম সংকটের সাঁঝে-
সব কিছুর মাঝে থাক না অবকাশ
থাক্ না তোমার আমার মাঝে এক টুকরো আকাশ।।
নিষেধ না মানা পাখীর
শেকল ছেঁড়ার গান-
বুকের মাঝে লুকিয়ে আছে
স্বপ্ন পাওয়া প্রাণ-
গলার স্বর চড়ায় তুলে
না-ই বা বলল তুমি আমার ডাকনাম-
সব কিছুর মাঝে থাক না অবকাশ
থাক্ না তোমার আমার মাঝে এক টুকরো আকাশ।।
নিত্যসুখে তৃপ্ত বাতাস
না-ই বা দিল তোমার দাম,
ভুলেই না হয় গেল তোমার নাম-
সময় নদীর স্রোতে
ভেসে যায় যাক না স্মৃতি
ঋদ্ধ রাতে তোমার সাথে-
সব কিছুর মাঝে থাক না অবকাশ
থাক্ না তোমার আমাতসর মাঝে এক টুকরো আকাশ।।
অকাল বৃষ্টি শীতের রাতে,
বর্ষার আকাশ একটা মেঘের অপেক্ষাতে-
অনেক কিছুই দেখার বাকি -
অনেকটা পথ চলতে হবে-
বিশ্বটাকে হাতের মুঠোয় ধরতে হবে-
শুধু যা নিজেকেই ধরার বাকি!
সব কিছুর মাঝে থাক না অবকাশ
থাক্ না তোমার আমার মাঝে এক টুকরো আকাশ।।
No comments:
Post a Comment