হৃদিস্রোতা হৃদিস্রোতা হৃদয় জুড়ে ঢেউ,
এঘর ওঘর ছুটে বেড়ায় স্বপ্নের মতো কেউ।
বৃষ্টি ভেজা মেঘলা মনে সূর্যতোয়া ভোর
এনে দিল অকাল শ্রাবণ বুকে খুশির তোড়।
ইচ্ছেটারই জন্ম দ্যাখে বিমুগ্ধতার ঢেউ
ভেজা চোখে হৃদিস্রোতা বাক্যিহারা কেউ।
ভীষণ চেনা তবু অচেনা গোলাপ রঙা মুখ
হারিয়ে পাওয়ার তৃপ্তি নিয়ে দাঁড়িয়ে আছে সুখ।
আমার হাসি অলক্ষ্যেতে দেখছে দূরে কেউ
পূর্ণতারই স্বপ্ন দেখা স্বপ্নের মতো কেউ।
ছোট্ট পায়ে দাপিয়ে বেড়ায় হৃদয়ের এক নাম
খিল খিলিয়ে চলকে পড়ে আমার ডাক নাম।
এমন খুশির শ্রাবণ স্রোতে ভাসিয়ে নেওয়া ঢেউ
সে যে আমার বুক জোড়ানো স্বপ্নের মতো কেউ।।
No comments:
Post a Comment