Tuesday, October 30, 2018

আশা

তোর কাছে রাখা আছে কিছু সাদা পাতা আর রঙ
আঁকিস মানব ছবি গুলে দিস তাতে কিছু মন।
মেঘ জমা ভেজা চোখে যদি ধুয়ে যায় সেই ঘোর
আবার আঁকিস ছবি মুছে দিস সে চোখের কোন।

ফুল হয়ে দিস ভরে রাইফেলে গুলির ঘর,
সৌরভ ঢেলে দিস মলিন এ প্রাণের ওপর,
বিশ্বাস হীন এ পৃথিবীর বুকে জাগে রাত
বিশ্বাসী ভোর নিশ্বাসে খোঁজে তোর হাত।
সে হাতের স্পর্শে সোনা রঙ হোক অনুক্ষণ
আঁকিস মানব ছবি গুলে দিস তাতে কিছু মন।

রাস্তায় ঘুম ঘোরে যে ছেলেটা খুঁজে ফেরে মাকে,
যে মেয়েটা অস্ফুটে ঝরে যাওয়া ফুল হয়ে কাঁদে,
যে রাত দেয় নি ভাষা শিশিরের মুখে
সে রাতের পরে ভোর যেন হাসে সুখে।।
রোজ ভোরে এ স্বপ্ন মেখে থাকে মনের কোন
আঁকিস মানব ছবি গুলে দিস তাতে কিছু মন।

No comments:

Post a Comment